Skip to content

নিউ মিডিয়া : আধুনিক সময়ের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা

নিউ মিডিয়া, যা মূলত ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, সামাজিক মাধ্যম, এবং মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য বিনিময় ও সম্প্রচারের একটি নতুন ধারা, আজকের সমাজ, রাজনীতি, এবং অর্থনীতিতে বিপুল প্রভাব বিস্তার করেছে। তথ্য প্রবাহের গতি ও পরিসর যেমন বেড়েছে, তেমনি এসেছে নানা ধরনের জটিলতা ও চ্যালেঞ্জ, যা সমাজের নৈতিকতা, তথ্যের নির্ভুলতা এবং ব্যক্তিগত গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলছে।
নিউ মিডিয়ার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো তথ্যের নির্ভুলতা এবং ভুয়া সংবাদের (ফেইক নিউজ) দ্রুত প্রসার। ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যে কোনো ব্যক্তি সহজেই তথ্য প্রকাশ করতে পারে, যা যাচাই-বাছাই ছাড়াই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক প্রচারণা, স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য (যেমন কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য) বা আর্থিক প্রতারণার ক্ষেত্রে এই ধরনের ভুয়া খবরের প্রভাব মারাত্মক।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদের প্রভাব নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। একইভাবে, কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন ভুয়া চিকিৎসা পরামর্শ এবং ষড়যন্ত্রমূলক তত্ত্ব ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ছিল।
এই সমস্যার সমাধানে নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহার এবং নতুন ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি, গণসচেতনতা বৃদ্ধি করা গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদমাধ্যমের প্রধান কাজ জনগণকে সচেতন ও শিক্ষিত করা। এটি শুধুমাত্র ট্রেডিশনাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ না, নিউ মিডিয়ার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সঠিক তথ্য যাচাই করার জন্য সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া এবং সংবাদ গ্রহণের ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলাও জরুরি।
নিউ মিডিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্য সুরক্ষা। এই প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর তথ্য বিশাল আকারে সংগ্রহ এবং বিশ্লেষণ করে, যা প্রায়শই বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হয়। এতে ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘিত হয় এবং অনেক ক্ষেত্রেই সাইবার অপরাধের শিকার হতে হয়। ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ কেলেঙ্কারি তারই একটি উদাহরণ, যেখানে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহৃত হয়েছিল। বিভিন্ন সময় বড় প্রযুক্তি কোম্পানির সার্ভারে সাইবার আক্রমণের মাধ্যমে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে। এই সমস্যার সমাধান হতে পারে শক্তিশালী ডেটা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার এবং আরও স্বচ্ছ ও ব্যবহারকারী-বান্ধব গোপনীয়তা নীতিমালা প্রণয়ন।
অন্য একটি বড় চ্যালেঞ্জ হলো অ্যালগরিদমের পক্ষপাতিত্ব এবং ইকো চেম্বার। নিউ মিডিয়ার অ্যালগরিদমগুলো প্রায়ই এমন কন্টেন্ট প্রদর্শন করে যা ব্যবহারকারীর আগ্রহের সাথে মেলে, ফলে ব্যবহারকারীরা একই ধরনের ধারণার মধ্যে আবদ্ধ থাকে। এটি বিপরীতমুখী মতামত গ্রহণের সম্ভাবনা কমিয়ে দেয় এবং সমাজে বিভাজন সৃষ্টি করে। ইউটিউব বা ফেসবুকের রিকমেন্ডেশন সিস্টেম প্রায়ই একই ধরনের কন্টেন্ট প্রস্তাব করে, যা ব্যবহারকারীর বিশ্বাসকে আরও শক্তিশালী করে। ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গার সময়ও দেখা গেছে যে, কিছু ফেসবুক গ্রুপ এবং টুইটার হ্যাশট্যাগ একতরফা তথ্য ছড়িয়েছিল। এ সমস্যার সমাধানে অ্যালগরিদমের স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভিন্নমতাবলম্বী কন্টেন্ট প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা।
অপরদিকে নিউ মিডিয়ার সহজলভ্যতা ডিজিটাল আসক্তি এবং মানসিক স্বাস্থ্য সমস্যার জন্ম দিয়েছে। সর্বদা অনলাইনে থাকার প্রবণতা মানুষকে সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল করে তুলছে, যা বিষণ্ণতা, উদ্বেগ এবং ঘুমের সমস্যার মতো মানসিক অসুস্থতার কারণ। বিশেষ করে কিশোর-কিশোরী এবং তরুণদের মধ্যে “ফোমো” (ঋবধৎ ড়ভ গরংংরহম ঙঁঃ) অর্থাৎ অন্যের জীবন দেখে নিজের জীবনকে কম মূল্যবান মনে করার প্রবণতা (হীনমমন্যতা) বৃদ্ধি পেয়েছে। সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি ও মানসিক অবসাদের কারণ হয়ে উঠছে। এই সমস্যার সমাধানে ডিজিটাল ডিটক্স বা নির্দিষ্ট সময়ের জন্য প্রযুক্তি থেকে বিরতি নেওয়া এবং সামাজিক মাধ্যমের সীমিত ব্যবহার সহ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা প্রদান করা যেতে পারে।
সংবাদমাধ্যমের বাণিজ্যিকীকরণও নিউ মিডিয়ার আরেকটি বড় চ্যালেঞ্জ। বিজ্ঞাপন আয়ের উপর নির্ভরশীলতা বাড়ায় সংবাদমাধ্যমের নিরপেক্ষতা হুমকির মুখে পড়ে। অনেক সময় দর্শক আকর্ষণের জন্য ক্লিক-বেট শিরোনাম বা অতিরঞ্জিত সংবাদের দিকে ঝুঁকে পড়া হয়। এতে সাংবাদিকতার স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত হয়, যখন ব্যবসায়িক স্বার্থ বা রাজনৈতিক চাপ সংবাদ পরিবেশনে প্রভাব ফেলে। এই সমস্যা কাটিয়ে উঠতে বিজ্ঞাপন নির্ভরতার পরিবর্তে সাবস্ক্রিপশন ভিত্তিক আয়ের মডেল গ্রহণ এবং সাংবাদিকতার জন্য কঠোর নৈতিক মানদণ্ড প্রয়োগ করা।
তবে, নিউ মিডিয়া সর্বজনীন তথ্যের অ্যাক্সেস সহজ করলেও প্রযুক্তিগত বৈষম্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নগর এবং গ্রামীণ এলাকায় ইন্টারনেট সুবিধার পার্থক্য, ডিভাইসের অভাব বা ডিজিটাল সাক্ষরতার অভাবে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। উন্নয়নশীল দেশে ইন্টারনেট সংযোগ এবং আধুনিক ডিভাইসের অভাব ডিজিটাল বৈষম্য সৃষ্টি করেছে। অনেক বয়স্ক মানুষ বা নিম্ন আয়ের জনগোষ্ঠী অনলাইনে সঠিকভাবে তথ্য খুঁজে বের করতে বা যাচাই করতে পারে না। এই বৈষম্য দূর করতে গ্রামীণ এলাকায় ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, এবং স্কুল ও কমিউনিটি লেভেলে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি।
নিউ মিডিয়া বর্তমান সময়ে তথ্যের গতিশীলতা এবং মানুষের মধ্যে সংযোগের নতুন মাত্রা যুক্ত করেছে। তবে এর সঠিক ব্যবহার এবং নেতিবাচক দিকগুলোর প্রতিরোধ নিশ্চিত করা ছাড়া সমাজে এর ইতিবাচক প্রভাব পুরোপুরি কার্যকর করা সম্ভব নয়। সচেতন ব্যবহার, প্রযুক্তিগত নিয়ন্ত্রণ, এবং নীতিনির্ধারণী সংস্থার কার্যকর ভূমিকা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

Published inমতামত

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *